মোঃ সুমন খান ||
পটুয়াখালীর গলাচিপায় রাজনৈতিক বিতর্ক নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বকুলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইউসুফ মোল্লা। সোমবার (১৭ মার্চ) বিকেলে গলাচিপা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।লিখিত বক্তব্যে ইউসুফ মোল্লা বলেন, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং দল পরিবর্তনের অভিযোগ ভিত্তিহীন। তিনি দাবি করেন, বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে বৃহত্তর বকুলবাড়িয়া ইউনিয়নকে প্রশাসনিক ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে কলাগাছিয়া ও বকুলবাড়িয়া—এই দুই ইউনিয়নে বিভক্ত করা হয়।তিনি আরও জানান, ১৯৯৪ সালে গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং ২০০৩ সালে বকুলবাড়িয়া ইউনিয়ন কলেজ প্রতিষ্ঠা করেন তিনি। কলেজটির এমপিওভুক্তির জন্য সভাপতি হিসেবে বিভিন্ন সময় সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করেন এবং ২০১৯ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়।ইউসুফ মোল্লা বলেন, এ নিয়ে তার বিরুদ্ধে আওয়ামী লীগে যোগদানের অভিযোগ আনা হলেও তিনি কখনো দল পরিবর্তন করেননি। রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি জানান, ২০০৯ সালে উপজেলা বিএনপির সদস্য এবং ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ২০১৬ ও ২০১৭ সালে দলের সদস্যপদ নবায়ন করেন এবং ২০২৫ সালের জেলা কাউন্সিলে অংশ নেন।সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলীয় প্রার্থীর পক্ষে কাজ করায় তিনি প্রাণনাশের হুমকির মুখে পড়েন। তার বিরুদ্ধে আনা অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তিনি জানান, অভিযোগকারীদের একটি অংশ ইতোমধ্যে তা প্রত্যাহার করেছে।সংবাদ সম্মেলনে ইউসুফ মোল্লা বলেন, “আমি বিএনপির রাজনীতির সঙ্গেই আছি এবং থাকব। আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে।”