মামুন হোসেন ||
গাজীপুর মহানগরের ডুয়েট এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাদমান (১৫) নামের আরও এক কিশোর। নিহতরা হলেন— আরাফ খান (১৫) ও সাজিব (১৫)।বুধবার (৪ মার্চ) বিকেল আনুমানিক সোয়া ৫টার দিকে মহানগরের ২৫ নম্বর ওয়ার্ডের ডুয়েট সংলগ্ন সোনারতরী কমিউনিটি সেন্টারের সামনে সড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।নিহত আরাফ খান মহানগরের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুবুর রশিদ শিপু খানের ছোট ভাই মো. দিপু খানের একমাত্র ছেলে। তিনি বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (টাকশাল) উচ্চ বিদ্যালয়-এর দশম শ্রেণির ছাত্র ছিলেন। অপর নিহত কিশোর সাজিব একই এলাকার মৌবাগের বাসিন্দা।স্থানীয়রা জানান, ইফতারের দাওয়াতে অংশ নিতে তিন বন্ধু জয়দেবপুরের দিকে যাচ্ছিলেন। পথে সোনারতরী কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরাফ খান নিহত হন। গুরুতর আহত সাজিব ও সাদমানকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়।নিহত আরাফ খানের বড় চাচা শিপু খান বলেন, “আমার তিন ভাইয়ের মধ্যে মেঝো ভাই দিপু খানের সংসারে এক ছেলে ও এক মেয়ে। দুর্ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। এই শোক আমাদের পরিবার কীভাবে কাটিয়ে উঠবে, জানি না।”গাজীপুর মেট্রোপলিটন সদর থানা-র এসআই ফজলুল হক জানান, মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। তারা গাজীপুর শিববাড়ি থেকে শিমুলতলী সড়ক হয়ে যাওয়ার সময় সোনারতরী কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। অপর আরোহী চিকিৎসাধীন রয়েছেন।হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মাহামুদা রানী জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুই কিশোরকে হাসপাতালে আনা হলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং অপরজন আশঙ্কাজনক অবস্থায় ছিল। পরে তাকে ভর্তি করা হলেও সেও মারা যায়। দুর্ঘটনায় তাদের মাথায় গুরুতর আঘাত লেগেছিল বলে জানান তিনি।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে যানবাহন চলাচলে আরও সতর্কতা ও তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন।