MD Mehedi Mridha ||
পটুয়াখালীর কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদা বাজির অভিযোগে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুমন ফকিরকে দুই সহযোগী সহ পুলিশ গ্রেফতার করেছে। রবিবার কলাপাড়া থানা পুলিশ পৌর শহরের উকিল পট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত মো. সুমন (৩৭) উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, একই ইউনিয়নের ঘুটা বাছা গ্রামের হাজী ইব্রাহিম ফকিরের ছেলে। অপর গ্রেফতারকৃত দুই সহযোগী হলো সজিব (৩২) এবং ইমন (৩০)।পুলিশ জানায়, গ্রেফতারকৃত সুমন ফকির তার সহযোগীদের নিয়ে নীলগঞ্জ ইউনিয়নে মব সৃষ্টি করে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদা আদায় ও হয়রানি করে আসছিল। ইউনিয়নের মজিদপুর গ্রামের চাঁন মিয়ার মাছের ঘের থেকে আড়াই লক্ষ টাকা মূল্যের মাছ ধরার উপকরণ সামগ্রী চাঁদার দাবিতে জোরপূর্বক নিয়ে আসে। এ সময় তারা প্রতিবাদ করলে তাদেরকে মারধরসহ নারীদের শ্লীলতাহানি করে। এ ঘটনায় চাঁন মিয়া বাদী হয়ে সুমন কে প্রধান আসামি করে সাত জনের নামে কলাপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।মামলার তদন্ত কর্মকর্তা কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. ফোরকান মিয়া বলেন, গ্রেফতারকৃত আসামি সুমন সহ তার দুই সহযোগীকে রবিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ এর জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।উপজেলা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু বলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমনের বিরুদ্ধে মব সৃষ্টি করে চাঁদা বাজির বিস্তর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির নেতৃবৃন্দকে নির্দেশ দেয়া হয়েছে।উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাদল মৃধা বলেন, নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সংক্রান্ত প্রেসনোট প্রেসক্লাবে পৌঁছে দেয়া হবে।প্রসঙ্গত, এর আগে গরু চুরি করে জবাই দিয়ে ভাগ বাটোয়ারা করে নেয়ার অভিযোগে মিঠাগঞ্জ ইউনিয়ন কৃষক দলের এক নেতা এবং মহিপুরের একটি বেসরকারি হাসপাতালে হামলা-ভাংচুর চালানোর অভিযোগে মহিপুর ইউনিয়ন ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।