নাঈম গাজীপুর জেলা ব্যুরো ||
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাওয়াল রাজাবাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলে ফুলে ভেসে গেল ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতি। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে একাত্মতা পোষণ করেন রাজাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের মানুষ।রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে রাজাবাড়ী ইউনিয়নবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে ভাষা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করা হয়।এ সময় বক্তারা বলেন, "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?"—এই চেতনাই আমাদের চিরকাল প্রেরণা যোগায়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের ফলেই আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি। এই অর্জন আমাদের অহংকার, আমাদের প্রেরণা। বক্তারা নতুন প্রজন্মের কাছে একুশের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেন এবং শহীদদের আত্মত্যাগকে কখনো ভুলে না যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।ভাওয়াল রাজাবাড়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারটি দিবসের প্রথম প্রহরেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। খালি পায়ে প্রভাতফেরি ও ফুলেল শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে ইউনিয়নবাসী প্রমাণ করে, অমর একুশে ফেব্রুয়ারি তাদের হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে।