গাজীপুর প্রতিনিধি ||
গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মানোন্নয়ন ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে একটি আধুনিক 'ইনসিনারেটর' বা বর্জ্য দহন কেন্দ্র চালু করা হয়েছে। এতে হাসপাতালের দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনার সংকট দূর হয়েছে এবং পরিবেশ দূষণের ঝুঁকি কমেছে।স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের একপাশে নীল রঙের বিশেষ কাঠামোতে এই ইনসিনারেটর স্থাপন করা হয়েছে। যেখানে দাহ্য বর্জ্য যেমন ব্যবহৃত তুলা, ব্যান্ডেজ ইত্যাদি খোলা জায়গায় না ফেলে বৈজ্ঞানিক পদ্ধতিতে পুড়িয়ে ফেলা হচ্ছে। ধোঁয়া নিষ্কাশনের জন্য উঁচু চিমনিও রয়েছে স্থাপনায়।শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, "আগে খোলা স্থানে বর্জ্য ফেলার কারণে সংক্রমণ ও দুর্গন্ধের ঝুঁকি ছিল। এই নতুন ব্যবস্থায় বর্জ্য বৈজ্ঞানিকভাবে ব্যবস্থাপনা করা সম্ভব হবে, যা রোগী ও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।"হাসপাতাল সূত্রে জানা যায়, আগে বৃষ্টির দিনে বর্জ্য ভিজে চত্বরে দুর্গন্ধ ছড়াতো। নতুন এই ব্যবস্থায় যেকোনো আবহাওয়ায় দ্রুত ও নিরাপদে বর্জ্য ধ্বংস করা যাবে। উচ্চ চিমনির মাধ্যমে ধোঁয়া সরাসরি বাতাসে মিশে যাওয়ায় স্থানীয় বায়ু দূষণও কম হবে।স্থানীয় বাসিন্দা ও সেবাগ্রহীতারা হাসপাতালের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এমন আধুনিক ও বিজ্ঞানসম্মত ব্যবস্থা সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা বৃদ্ধি করবে।