সাইফুল ইসলাম মারুফ ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ সময়েও রিকশা প্রতীকে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন ১১ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শাহ মো. আকরাম আলী (ধলা হুজুর)। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর–২ (সালথা–নগরকান্দা) আসনের সালথা ও নগরকান্দা উপজেলার বিভিন্ন গ্রামে পথসভা, হাট-বাজার ও গণসংযোগে অংশ নেন তিনি। এ সময় কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কাছে রিকশা মার্কায় ভোট চান ধলা হুজুর।
নির্বাচনী প্রচারণাকালে তিনি বলেন, নির্বাচিত হলে সালথা ও নগরকান্দা উপজেলায় ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে এবং এলাকার কাইজ্জা–মারামারি বন্ধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, সমাজের উন্নয়নে যুবসমাজের ভূমিকা অপরিহার্য। নির্বাচিত হতে পারলে যুবকদের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে এবং এ অঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। মাওলানা আকরাম আলী বলেন, সালথা–নগরকান্দা কৃষিপ্রধান এলাকা হলেও কৃষকরা নানা দিক থেকে অবহেলিত। কৃষিযন্ত্রপাতি ও সারের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে তিনি সংসদে কৃষকদের দাবি-দাওয়া তুলে ধরবেন।
তিনি অভিযোগ করে বলেন, দেশে দীর্ঘদিন ধরে ক্ষমতার পালাবদলের সঙ্গে বিরোধী দলের নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হন। ক্ষমতায় গেলে এ ধরনের ‘জুলুম-নির্যাতন’ বন্ধ করা হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে এবং সরকারি বরাদ্দ স্বচ্ছভাবে বণ্টন নিশ্চিত করা হবে। রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সামগ্রিক উন্নয়নে ব্যাপক কাজ করা হবে বলেও তিনি অঙ্গীকার করেন। এ সময় ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকেরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।