আল আমিন হাওলাদার ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর–কলমাকান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, জনগণের অধিকার নিয়ে কোনো ধরনের বাণিজ্য আর চলবে না। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও বিধবা কার্ড বিতরণকে কেন্দ্র করে দুর্নীতি ও অনিয়ম হতে দেবো না তিনি নির্বাচিত হলে সেই ব্যবস্থার আমূল পরিবর্তন করবেন । এসব সরকারি কার্ড পেতে কাউকে একটি টাকাও দিতে হবে না এবং দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না।সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের নন্দেরছটি এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড কিংবা বিধবা কার্ড—যে কোনো সরকারি সুবিধা শতভাগ বিনামূল্যে প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়া হবে। গরিব কৃষক, খেটে খাওয়া মানুষ ও অসহায় মায়েরা যেন আর দালাল কিংবা মধ্যস্বত্বভোগীদের কাছে অপমানিত না হন, সেই ব্যবস্থাই আমি নিশ্চিত করবো।তিনি আরও বলেন, নির্বাচিত হলে দুর্গাপুর–কলমাকান্দাকে একটি দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলা হবে। সরকারি সুযোগ-সুবিধা বণ্টনে কোনো মধ্যস্বত্বভোগী, তদবিরবাজ কিংবা সুবিধাভোগী চক্রের অস্তিত্ব থাকবে না। দুর্নীতি বা ঘুষ গ্রহণের সঙ্গে যুক্ত যেকোনো স্তরের নেতা, জনপ্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে—সে যত প্রভাবশালীই হোক না কেন।আল্লাহর নামে শপথ করে তিনি বলেন,আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি। আমি ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে এসেছি। যতদিন রাজনীতিতে থাকবো, ততদিন ইনসাফভিত্তিক সমাজ গঠনের সংগ্রাম চালিয়ে যাবো।এ সময় তিনি আরও বলেন, তাঁর নির্বাচনী সফরকালে দুর্গাপুর উপজেলার পশ্চিম নন্দেরছটি, দুবরাজপুর, গাঁওকান্দিয়া বাজার, জাগিরপাড়া বাজার, দক্ষিণ জাগিরপাড়া, ভাদুয়া বাজার, মুন্সিপাড়া বাজার ও শংকরপুর বাজারে পর্যায়ক্রমে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সফরকালীন সময়ে বিভিন্ন স্থানে তাৎক্ষণিক পথসভা অনুষ্ঠিত হয়। এসব পথসভায় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখ, দাবি ও প্রত্যাশার কথা শোনার পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ সরকারি সুবিধা নিয়ে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন—এ সময় তিনি এসব কথা বলেন।পথসভায় বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পাশাপাশি স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গও অংশ নেন। উপস্থিত জনতা করতালি ও স্লোগানের মাধ্যমে ব্যারিস্টার কায়সার কামালকে উষ্ণভাবে স্বাগত জানায়।