জুয়েল ||
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের চর ছোনগাছা গ্রামে অবৈধ মাদক কারবারে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে মোঃ আমিনুল ইসলাম (পিতা: মোঃ আব্দুল মজিদ শেখ)-এর বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকাশ্যেই ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে এলাকায় সন্ত্রাস ও মাদকের নেটওয়ার্ক গড়ে তুলেছে একটি চক্র, যার অন্যতম মূল হোতা আমিনুল ইসলাম।এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, চর ছোনগাছা গ্রামটি বর্তমানে মাদক কারবারিদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। রাত গভীর হলেই গ্রামের বিভিন্ন স্থানে শুরু হয় মাদক বেচাকেনা। এতে করে গ্রামের কিশোর ও যুব সমাজ ধীরে ধীরে মাদকের ভয়াল থাবায় জড়িয়ে পড়ছে। অনেক পরিবারে নেমে এসেছে অশান্তি, বেড়েছে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড।স্থানীয় একাধিক অভিভাবক জানান, “আমাদের সন্তানেরা মাদকের দিকে ঝুঁকে পড়ছে। বারবার নিষেধ করেও কোনো কাজ হচ্ছে না। এলাকায় মাদক কারবারিরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে কেউ প্রতিবাদ করতেও ভয় পাচ্ছে।”এলাকাবাসীর অভিযোগ, মাদক কারবার বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি না থাকায় এই চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠছে। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালিয়ে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী অবিলম্বে মাদকবিরোধী অভিযান জোরদার করার জন্য জেলা প্রশাসন ও আইনশৃঙ্ঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।