
শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
02 Aug 2026, 13:51 · Mustafa Kamal

গাজীপুরের শ্রীপুরে ডেঙ্গু রোগের প্রকোপ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ব্যাপক মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ১/০৮/২০২৬ইং তারিখে সকালে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অভিযান উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ গোলাম মুরশেদ মুরাদ এর , সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। তাদের হাতে থাকা ব্যানারে "ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান" এবং "নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি" ইত্যাদি স্লোগান লেখা ছিল।
র্যালি শেষে ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে বিভিন্ন স্থানে ওষুধ ছিটানো হয় এবং পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। রাস্তার পাশের ঝোপঝাড় পরিষ্কার করা এবং জমে থাকা পানি অপসারণে গুরুত্ব দেওয়া হয়।
এই উদ্যোগের বিষয়ে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের গোলাম মুরশেদ মুরাদ বলেন, "ডেঙ্গু একটি মারাত্মক রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই রোগ প্রতিরোধে জনসচেতনতা খুবই জরুরি। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিয়মিত মশক নিধন এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং কোথাও যেন পানি জমে থাকতে না পারে সেদিকে খেয়াল রাখুন। সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা ডেঙ্গু মুক্ত সমাজ গড়তে পারব।"
অভিযানে স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্যরাও ইউপি অনন্য সদস্যরাউপস্থিত ছিলেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন।