
প্রধানমন্ত্রীর আলোকচিত্রীর বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ: পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ
02 Aug 2026, 15:37 ·

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী (ফটোগ্রাফার) ও পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি, ব্ল্যাকমেইল, মাদক সেবন, সরকারি চাকরিতে নিয়োগের প্রলোভনে অর্থ আত্মসাৎ, জুলাই হত্যা মামলার আসামিদের আশ্রয় দেওয়া এবং সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগে পাবনায় মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে ‘পাবনার সচেতন নাগরিক’ সমাজের ব্যানারে পাবনা প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বরাবর একটি লিখিত স্মারকলিপি জমা দেন।পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো: ইমায়ুর রহমানের স্বাক্ষরিত স্মারকলিপিতে অভিযোগ করা হয়, অভিযুক্ত খালেদ হোসেন পরাগ তাঁর পদমর্যাদা ও প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে পাবনার ব্যবসায়ী সমাজকে জিম্মি করে অনৈতিক চাপ প্রয়োগ, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইল করে আসছেন। স্মারকলিপিতে তাঁর বিরুদ্ধে নিয়মিত মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলাকারী ও হত্যা মামলার আসামিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ তোলা হয়। একই সাথে তিনি ডিজিএফআই ও এনএসআই-এর নাম অপব্যবহার করে গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের নিয়মিত হুমকি দিয়ে আসছেন এবং বিভিন্ন বেকার যুবককে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, দিলালপুর এলাকার মো: আবদুল নাহিদ মিয়া মিপুন নামের এক সহযোগীর মাধ্যমে পরাগ চাঁদাবাজির অর্থ আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এর (হিসাব নং-০৫৪১০২০০১০১৫৪) অ্যাকাউন্টে পাঠানোর জন্য ব্যবসায়ীদের বাধ্য ও চাপ প্রয়োগ করতেন।জুলাই ঐক্য পরিষদ পাবনার সদস্য আবদুল্লাহ আল-নোমানের সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো: ইমায়ুর রহমান, জাতীয় নাগরিক কমিটি পাবনার যুগ্ম-আহ্বায়ক নুর হোসেন শিমুল, পাবনা সদর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব মিরাজুল ইসলাম মিরাজ, জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের আহ্বায়ক প্রকৌশলী আবদুল্লাহ কবির তন্ময়, এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোবারক হোসেন বিশ্বাসসহ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ নাগরিকবৃন্দ। মানববন্ধনে এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোবারক বিশ্বাস বলেন, একজন আলোকচিত্রীর এসব অপকর্ম ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে এবং সাধারণ ব্যবসায়ী ও রাজনৈতিক সমাজের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় অবিলম্বে খালেদ হোসেন পরাগ ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তাঁরা।জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সজীব সরদার বলেন, খালেদ হোসেন পরাগ পাবনায় বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করে চলেছেন। এছাড়া টেন্ডারবাজি, জমি দখলের মতো অপকর্মের সাথে জড়িত তিনি। এতে বিএনপির সুনাম ক্ষুন্ন হচ্ছে। তাই অবিলম্বে খালেদ হোসেন পরাগ কে প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার পদ থেকে অপসারণ ও তাকে পাবনায় বয়কটের আহ্বান জানান বক্তারা।