ন্যায়বিচার প্রতিষ্ঠাই রাষ্ট্রের সর্বোচ্চ সাফল্য: অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল

31 Jul 2026, 20:09 ·

প্রতিনিধি: মোঃ সোহেল রানা

মামলায় রাষ্ট্রের পরাজয় হলেও যদি একজন সাধারণ নাগরিক ন্যায়বিচার পান, সেটিই একজন অ্যাটর্নি জেনারেলের জন্য সবচেয়ে বড় তৃপ্তির বিষয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুন্সীগঞ্জ-৩ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিনের কোটচাঁদপুর সফর উপলক্ষে এ নাগরিক সভার আয়োজন করা হয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, আইনের শাসনের মূল উদ্দেশ্য হলো প্রতিটি নাগরিকের সাংবিধানিক ও আইনগত অধিকার নিশ্চিত করা। কোনো মামলায় রাষ্ট্র বা ব্যক্তি কে জয়ী হলো, সেটি মুখ্য নয়; বরং প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে কি না, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বিচারব্যবস্থা যখন একজন নাগরিককে তার প্রাপ্য ও সঠিক বিচার নিশ্চিত করতে সক্ষম হয়, তখন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবেও তাতে অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ থাকে না। বরং এ ধরনের রায় দেশের বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করে।

রুহুল কুদ্দুস কাজল বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে একজন অ্যাটর্নি জেনারেল হিসেবে সেটিই তার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি ও সন্তুষ্টির বিষয়।

কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।