ফরিদপুরের নগরকান্দায় কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকালে নগরকান্দা মডেল মসজিদের মিলনায়তনে আয়োজিত এ সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ, নিরাপদ পণ্য ও সেবা নিশ্চিত করা, বাজারে স্বচ্ছতা এবং ভোক্তা সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
ক্যাবের নগরকান্দা উপজেলা শাখার সভাপতি এহসানুল হক মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান, ক্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক তারেক আইয়ুব খাঁন এবং সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ।
সভায় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খাদ্যে ভেজাল, কম ওজনে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাতসহ বিভিন্ন অনিয়ম ভোক্তাদের জন্য উদ্বেগের কারণ। এসব অনিয়ম প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি ভোক্তা সচেতনতা, ব্যবসায়ীদের দায়িত্বশীলতা এবং সামাজিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, ভোক্তার অধিকার নিশ্চিত করতে ক্যাবের উপজেলা কমিটিকে প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। পাশাপাশি স্কুল-কলেজ, হাট-বাজার ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষকে ভোক্তা অধিকার ও অভিযোগ জানানোর প্রক্রিয়া সম্পর্কে অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
নবগঠিত কমিটির সদস্যদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। ব্যবসায়ীদের ন্যায্য দামে মানসম্মত পণ্য বিক্রি এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণামূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বানও জানান বক্তারা। ব্যবসা পরিচালনায় সততা ও নৈতিকতা বজায় রাখলে ভোক্তা ও ব্যবসায়ী উভয়ের মধ্যে আস্থা তৈরি হবে বলে তারা উল্লেখ করেন।
সভায় নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ক্যাবের ফরিদপুর জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আশরাফুজ্জামান দুলাল, সাংগঠনিক সম্পাদক অসিত কুমার নাগ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম ফরহাদ, কোষাধ্যক্ষ রবিউল হাসান (রাজিব), নির্বাহী সদস্য মো. সেন্টু মিয়া, নগরকান্দা বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামছুল হুদা হুদু, নগরকান্দা পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মুস্তাফিজুর রহমান, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ এবং শহীদ আকরুমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) একটি বেসরকারি, অলাভজনক ও স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠন। ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজারদর পর্যবেক্ষণ, নিরাপদ খাদ্য ও পণ্যের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি, ভোক্তা শিক্ষা, গবেষণা ও জরিপসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

নগরকান্দায় ক্যাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা
08 Aug 2026, 20:31 ·
