
মেধাবীদের পাশে জেলা পরিষদ, বিতরণ হলো শিক্ষা বৃত্তির চেক
04 Aug 2026, 16:47 ·

মামুন হোসেন-
গাজীপুর জেলার মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহ দিতে জেলা পরিষদের উদ্যোগে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন অতিথিরা।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন এমপি। তিনি বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি। মেধাবী অথচ আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ। তিনি শিক্ষার্থীদের নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।বিশেষ অতিথি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস.এম. ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি বলেন, অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষা যেন বন্ধ না হয়, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক সাফিনসহ অন্যান্য অতিথিরা শিক্ষা খাতে বিনিয়োগ ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় সরকারি ও সামাজিক উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম (উপসচিব) সঞ্চালনা করেন।
আয়োজকরা জানান, জেলার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে জেলা পরিষদের শিক্ষা সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।