জুলাই গণ-অভ্যুত্থান ব্যর্থ হতে দেওয়া যাবে না: সাইফুল হক

01 Aug 2026, 17:16 · মোঃ সোহেল রানা

রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির পরিসরেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অতীতে হটকারিতা, আত্মঘাতী কর্মকাণ্ড ও সহিংসতার কারণে বিশ্বের বহু বিপ্লব এবং গণ-অভ্যুত্থান ব্যর্থ হয়েছে। তাই রক্তের বিনিময়ে অর্জিত জুলাই গণ-অভ্যুত্থানের অর্জন কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর নাখালপাড়ার আহরিকা হোটেল মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্থানীয় শাখা কমিটির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, তবে তা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ রাখা প্রয়োজন। নিজেদের মধ্যে সংঘাত-সংঘর্ষে জড়িয়ে পড়লে অপশক্তি সেই সুযোগ কাজে লাগাতে পারে। তিনি আরও বলেন, এক ধাপে সব অর্জন সম্ভব নয়। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের যে গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে বিএনপি সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্টির সংগঠক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শরীফুল ইসলাম। বক্তব্য দেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ আলী, শ্রমিক নেতা জাকির হোসেন তালুকদার, মকবুল হোসেন এবং আজাদ হোসেন হৃদয়।

বহ্নিশিখা জামালী বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত জুলাই গণ-অভ্যুত্থান কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। জুলাইয়ের মালিকানা নিয়ে অশোভন প্রতিযোগিতা শহীদদের আত্মত্যাগের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল। তিনি জুলাইয়ের চেতনা ও স্বপ্ন বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি জনগণের ঐক্য অটুট রাখার আহ্বান জানান।

আলোচনা সভার শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই কর্মী বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।



এস.আর