দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

01 Aug 2026, 21:08 ·

প্রতিনিধিঃ মোঃ সোহেল রানা 

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি আনা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী করতে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বৈঠকে বেসরকারি খাতের প্রতিনিধিরা চট্টগ্রাম বন্দর ও ঢাকা বিমানবন্দরে আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম ২৪ ঘণ্টা চালুর প্রস্তাব উপস্থাপন করেন। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মাহদী আমিন জানান, সরকারের সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করবে যাতে দেশের প্রতিটি বন্দর ২৪ ঘণ্টা সেবা দিতে সক্ষম হয়। এর ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর হবে এবং ব্যবসায়ীদের সময় ও ব্যয় উভয়ই কমবে।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে অনুষ্ঠিত এ বৈঠকে বেসরকারি খাতের বিভিন্ন সমস্যা, বিনিয়োগের বর্তমান পরিবেশ, ব্যবসায়িক জটিলতা এবং এসব সমস্যা নিরসনের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর কার্যক্রমও গুরুত্ব পায়। কীভাবে এসব অঞ্চলে আরও বেশি দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা যায় এবং বিদ্যমান প্রশাসনিক ও নীতিগত জটিলতা দূর করা যায়, সে বিষয়েও প্রধানমন্ত্রী ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

মাহদী আমিন বলেন, সরকারের লক্ষ্য হলো একটি ব্যবসাবান্ধব ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা। এ লক্ষ্যে সরকার নীতিগত সহায়তা অব্যাহত রাখবে এবং ইতোমধ্যে ঘোষিত প্রো-বিজনেস ও প্রো-ইনভেস্টমেন্ট বাজেটের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, এসব উদ্যোগের মূল লক্ষ্য দেশের বিপুল সংখ্যক তরুণ ও নারীর জন্য নতুন কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, যাতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হয়।

প্রধানমন্ত্রীর স্লোগান "করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ" উল্লেখ করে মাহদী আমিন বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই সরকার ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ উন্নয়নে কাজ করছে। এ উদ্যোগকে বেসরকারি খাতের প্রতিনিধিরাও ইতিবাচক হিসেবে স্বাগত জানিয়েছেন।

তিনি আরও জানান, বৈঠকে ব্যবসায়ীদের উত্থাপিত বিভিন্ন নীতিগত প্রস্তাবের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। সরকারের উদ্দেশ্য হলো ব্যবসা পরিচালনা আরও সহজ করা, বিনিয়োগ বৃদ্ধি করা এবং এর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা।

বৈঠকে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এবং সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক খান উপস্থিত ছিলেন।