পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, গণঅভ্যুত্থানের প্রেরণা ও শহীদদের ত্যাগ থেকে শিক্ষা নিয়ে আমাদের সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে।
আজ ৩ আগস্ট ২০২৬ (সোমবার) রাজধানী ঢাকার মতিঝিলে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত 'জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি-২০২৬' উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং ব্যাংকের সহকর্মীদের সন্তানদের অঙ্কনকৃত চিত্রকর্ম প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (বি-৯৮৫, সিবিএ) এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি জনাব আনোয়ার হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নূরুল আমিন, ব্যবস্থাপনা পরিচালক মোছাম্মাৎ সঞ্চিয়া বিনতে আলী এবং পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক জনাব শাহ্ আনোয়ার ফারুক।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকস্ এমপ্লয়ীজ ফেডারেশনের সভাপতি জনাব মো: রফিকুল ইসলাম, শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মঞ্জুরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক জনাব মো: সুমন ভূঁইয়া ও সদস্য সচিব জনাব মো: বদরুল আলম সবুজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি জনাব মো: মেহরাজ উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব মো: মিরাজ হোসেন।
আলোচনা পর্ব শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের আঁকা চিত্রকর্ম প্রদর্শনী ঘুরে দেখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

