বিরল রোগে আক্রান্ত ২ বছরের শিশু মায়েসা, চিকিৎসায় প্রয়োজন সহায়তা

08 Aug 2026, 19:54 ·

প্রতিনিধি: মোঃ রবিউল ইসলাম

রাজশাহীর গোদাগাড়ীতে জন্মের পর থেকেই বিরল ও জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত দুই বছর বয়সী শিশু মোসাঃ মায়েসা আক্তার। চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী, তার রোগটি ‘Hemangioma’ বা রক্তনালীর টিউমারজাতীয় সমস্যা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকসহ একাধিক বিশেষজ্ঞকে দেখানো হলেও দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার অভাবে সুস্থ হয়ে উঠতে পারছে না শিশুটি।

মায়েসা গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের উজানপাড়া গ্রামের দিনমজুর মোঃ আলিম ও মোসাঃ মর্জিনা খাতুন দম্পতির তিন কন্যার মধ্যে ছোট। বাবা দিনমজুরি করে দৈনিক প্রায় ৫০০ টাকা আয় করেন। সংসারের খরচ চালাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে মেয়ের দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

শিশুটির বাবা মোঃ আলিম বলেন, সাধ্যমতো মেয়েকে চিকিৎসা করিয়েছেন। কিন্তু অর্থের অভাবে এখন নিয়মিত ওষুধ ও উন্নত চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। মেয়ের চিকিৎসার জন্য তিনি সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন।

মায়েসার মা মর্জিনা খাতুন বলেন, জন্মের পর থেকেই মেয়েটি অসুস্থ। চিকিৎসা করাতে গিয়ে পরিবারের সামর্থ্যের সবটুকু শেষ হয়ে গেছে। মেয়েকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তিনি সরকারি সহায়তা ও সমাজের মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারাও দরিদ্র পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সরকার, বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও মানবিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।