গোপালগঞ্জে ৩০ নভেম্বরের কর্মসূচি সফল করতে গরু জবাই করে নেতাকর্মীদের খাওয়ানোর ঘোষণা সাবেক ছাত্রলীগ নেতার

30 Nov 2026, 00:47 · মো:লিটন সিকদার — গোপালগঞ্জ প্রতিনিধি

মোঃ লিটন সিকদার | গোপালগঞ্জ প্রতিনিধিগোপালগঞ্জে আগামী ৩০ নভেম্বর ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন সাবেক ছাত্রলীগ নেতা শানেওয়াজ খান। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের আপ্যায়নে পরিবারের পক্ষ থেকে একটি গরু জবাই করে খাবারের আয়োজন করার ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে গোপালগঞ্জ শহরের ঘোষেরচর উত্তরপাড়ায় নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে শানেওয়াজ খান বলেন, ৩০ নভেম্বরের কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে একটি গরু জবাই করে খাবারের ব্যবস্থা করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তাঁদের পরিবারের সদস্যরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং শেখ হাসিনার প্রতি অনুগত। জেলা পর্যায়ের নেতারা কী করছেন, সেটির চেয়ে নিজেদের অবস্থান থেকে কী ভূমিকা রাখা সম্ভব, সেটিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত তাঁরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন।
২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতি তুলে ধরে শানেওয়াজ খান অভিযোগ করেন, ওই সময়ের পর থেকে তাঁরা বিভিন্ন ধরনের হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। পুলিশের ভয়ে বাড়িতে রাত কাটাতে পারেননি এবং তাঁদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
নিজেদের বর্তমান অবস্থান তুলে ধরে তিনি বলেন, তাঁদের আর পেছনে ফিরে যাওয়ার সুযোগ নেই। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তাঁরা লড়াই চালিয়ে যাবেন। একই সঙ্গে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।